বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিদায়ের সূচি অনুযায়ী ঢাকায় শেষ দিনগুলোতে নানা কূটনৈতিক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরবর্তীতে চলতি সপ্তাহের শেষভাগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত ওয়েনের রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে সরকারপ্রধান দেশে ফেরায় সাক্ষাতের সময়সূচি একদিন পিছানো হয়। ইতিমধ্যে প্রচলিত প্রথা অনুযায়ী পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম চীনা দূতকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন।
২০২৩ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া এই কূটনীতিক তিন বছর নয় মাস ঢাকায় দায়িত্ব পালন শেষে আগামী ৩ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন। তাঁর জায়গায় নতুন রাষ্ট্রদূতের নামও চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।